প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘অর্থের অভাবে কেউ ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে না। আমরা মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই, যেখানে ন্যায়বিচার থেকে কেউ বঞ্চিত হবে না।’
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর শাহবাগস্থ শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘যারা আর্থিকভাবে সামর্থ্যবান নন, তাদের আইনি সহায়তা দিতে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। ন্যায়বিচারের কথা শুধু আইনের বইয়ে নয়, এটা প্রতিটি মানুষের জীবনে বাস্তব হয়ে উঠুক।’

গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে ন্যায়ের শাসনই শেষ কথা মন্তব্য করে তিনি বলেন, ‘ন্যায়পরায়ণতা তখনই অর্থবহ হয়ে ওঠে, যখন আইন মানুষের ওপর যান্ত্রিক উপায়ে প্রয়োগ না হয়ে; বরং তাদের মর্যাদা সংরক্ষণ এবং প্রাপ্ত অধিকার নিশ্চিত করার একটি গভীর নৈতিক অঙ্গীকারে রূপ নেয়। যেহেতু ন্যায়বিচার প্রতিটি মানুষের সাংবিধানিক অধিকার, সেই অধিকার যেন রাষ্ট্রের প্রত্যেকটি মানুষ চর্চা করতে পারে, এ জন্য সরকার যথাসাধ্য লিগ্যাল এইড দেবে।’












