ঈদগাঁওয়ে খাল থেকে যুবকের লাশ উদ্ধার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁওয়ে একটি খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কালিরছড়া খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম মো. জিহাদ (১৮)। তিনি ঈদগাঁও সদর ইউনিয়নের কালিরছড়া উত্তর পাড়ার মৃত বেলাল উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে কালিরছড়া খালে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন। পরে তারা বিষয়টি ঈদগাঁও থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরী করেন।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা জিহাদের হাত-পা বেঁধে খালে ফেলে দেয়। এতে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।