খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার পাবলাখালী ইউনিয়নের শান্তিপুর এলাকায় অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) রাত সোয়া ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুদির দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের দোকানগুলোও আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে যায় এবং এতে আনুমানিক ১৭ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
ফায়ার সার্ভিসের স্টেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া জানান, ‘তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণ করতে পারেননি।’
স্থানীয় ইউপি চেয়ারম্যান জ্ঞান চাকমা জানিয়েছেন, পাহাড়িদের বৈসাবি উৎসবের মাত্র দুইদিন আগে এই আগুন ক্ষুদে দোকানীদের মনে গভীর ক্ষত তৈরি করেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত সরকারি সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন তিনি।












