সুস্থতার পথে বন্যহাতি ও একটি ব্যতিক্রমী ঘটনা

মির্জা ইমিতয়াজ শাওন, প্রিয় চট্ট্গ্রাম: রাঙামাটির লংগদু উপজেলার ভাসাইন্যাদাম এলাকায় গুরুতর অসুস্থ এক পুরুষ বন্যহাতিকে সফলভাবে উদ্ধার ও চিকিৎসা দিয়েছে একটি বিশেষজ্ঞ দল। শরীরের বিভিন্ন স্থানে সংক্রমণে আক্রান্ত হাতিটির চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগ, ডুলাহাজারা সাফারি পার্ক এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (ঈঠঅঝট)-এর সমন্বয়ে গঠিত একটি টিম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রফেসর ড. বিবেকের নেতৃত্বে পরিচালিত দলটি হাতিটিকে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা প্রদান করে এবং তার শারীরিক অবস্থার উন্নতির জন্য পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করে। আগামী এক সপ্তাহ হাতিটিকে খাবারের সঙ্গে মিশিয়ে নিয়মিত ওষুধ প্রদান করা হবে।

চিকিৎসা কার্যক্রম চলাকালীন একটি ব্যতিক্রমী ঘটনা লক্ষ্য করা যায়। অসুস্থ পুরুষ হাতিটির পাশে সার্বক্ষণিক অবস্থান নেয় একটি স্ত্রী হাতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং চিকিৎসা কার্যক্রম নির্বিঘ্ন করতে নিরাপত্তাজনিত কারণে স্ত্রী হাতিটিকেও চেতনানাশক ইনজেকশন প্রদান করা হয়।

বন বিভাগের কর্মকর্তারা জানান, হাতিটির বর্তমান শারীরিক অবস্থা আগের তুলনায় উন্নতির দিকে রয়েছে। নিয়মিত পর্যবেক্ষণ ও চিকিৎসা অব্যাহত থাকবে বলেও তারা নিশ্চিত করেছেন।