পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা

খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক-এর এক নেতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার সুতাকর্মপাড়া এলাকায় তাকে হত্যা করা হয়।

নিহত নীতি দত্ত চাকমা (৪৫) ইউপিডিএফ গণতান্ত্রিক-এর পানছড়ি উপজেলা সংগঠক ছিলেন। তিনি পানছড়ির উত্তর শান্তিপুর এলাকার বর্ণনাতীত চাকমার ছেলে।

স্থানীয়রা জানান, নীতিদত্ত চাকমা সুতাকর্মপাড়ার একটি দোকানে বসে ছিলেন। কয়েকজন সন্ত্রাসী এসে তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। দ্রুত তাকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালের চিকিৎসক ডা. জয়া ত্রিপুরা জানান, গুলিবিদ্ধ ব্যক্তি হাসপাতালে আনার আগেই মারা যান।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। এ বিষয়ে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। তবে তাৎক্ষণিকভাবে তিনি বিস্তারিত কোনো তথ্য জানাতে পারেননি।