পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নিতে জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এই জামাতে অংশ নিতে নির্ধারিত সময়ের কিছুটা আগেই ঈদগাহ মাঠে পৌঁছান তারা।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা জাতীয় ঈদগাহে আসতে শুরু করেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
ঈদের প্রধান জামাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে আরও অংশ নেন সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, কূটনৈতিক ব্যক্তিত্ব এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া সর্বস্তরের হাজারো মুসল্লি এই জামাতে কাতারবন্দি হয়ে নামাজ আদায় করেন।
নামাজ শেষে খুতবা পাঠ করা হয়। এরপর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাত শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঈদের শুভেচ্ছা জানান।
এর আগে ঈদগাহে পৌঁছালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। নামাজ আদায় শেষে তারা পুনরায় বঙ্গভবন ও গণভবনের উদ্দেশে রওনা হন।












