‘ঈদ আনন্দ মিছিল’ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে ‘ঈদ আনন্দ মিছিল’ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে শুক্রবার (২০ মার্চ) মাগরিবের নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে মিছিলটি শুরু হয়ে পুরানা পল্টন ও বিজয় নগর এলাকা প্রদক্ষিণ করে।

মিছিলে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর ড. হেলাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালাম, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ সদস্য কামরুল আহসান হাসান, শাহীন আহমেদ খানসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এছাড়া সাধারণ মুসল্লি ও সমর্থকরাও মিছিলে অংশ নেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ড. হেলাল উদ্দিন বলেন, এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আনন্দ ও খুশির বার্তা নিয়ে মানুষের দ্বারে আসে। এই উৎসব ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সমাজে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলে। তিনি বলেন, ইসলামী আদর্শ অনুসরণের মাধ্যমে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করলেই আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব।

তিনি আরও বলেন, জুলাইয়ের গণআন্দোলনের মধ্য দিয়ে দেশ একটি দীর্ঘ স্বৈরশাসন থেকে মুক্ত হয়েছে। সেই চেতনায় নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী প্রথম ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে দেশবাসী। নতুন সরকারের প্রতি জনগণের প্রত্যাশা অনেক—বিশেষ করে মৌলিক অধিকার ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে।

ড. হেলাল উদ্দিন জানান, সংসদের প্রধান বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী সরকারকে গঠনমূলক সহযোগিতা করতে প্রস্তুত।

একই সঙ্গে দেশের শান্তি-শৃঙ্খলা, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের অধিকার রক্ষায় ভেতরে ও বাইরে সক্রিয় ভূমিকা পালন করবে দলটি।
তিনি বলেন, জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাইকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নেতৃবৃন্দ জানান, ফ্যাসিবাদের বিরুদ্ধে যেভাবে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে উঠেছিল, ঠিক সেভাবেই নতুন বাংলাদেশ বিনির্মাণে সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখতে হবে।