জিয়া জাদুঘর বর্তমানে ঝুঁকির মুখে রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী

স্বাধীনতার ঘোষকের স্মৃতিবিজড়িত জিয়া জাদুঘর বর্তমানে ঝুঁকির মুখে রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, এটি শুধু একটি স্থাপনা নয়, বরং বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা জরুরি।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে জিয়া জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি জানান, এই স্থাপনাটি একটি হেরিটেজ প্রপার্টি হিসেবে বিবেচিত এবং এখানে স্বাধীনতার ঘোষক মৃত্যুবরণ করেছেন।

তাই এর স্মৃতি অম্লান রাখতে এটিকে জাদুঘর হিসেবে পূর্ণাঙ্গ রূপ দিতে হলে কাঠামোগত (স্ট্রাকচারাল) সমস্যাগুলো দ্রুত সমাধান করা প্রয়োজন।

মন্ত্রী আরও বলেন, চলতি মাসের ২৪ তারিখে সংস্কৃতিমন্ত্রী সরেজমিনে পরিদর্শনে আসবেন বলে আশা করা হচ্ছে। তাঁর আগেই প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে দ্রুত সংস্কার কাজ শুরু করতে হবে। যথাযথ সংস্কারের মাধ্যমে একদিকে যেমন ঐতিহাসিক স্থাপনাটি রক্ষা করা সম্ভব হবে, অন্যদিকে এটিকে একটি পূর্ণাঙ্গ জাদুঘরে রূপান্তর করা যাবে।

এতে ভবিষ্যৎ প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে।
মন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, এতদিন এই গুরুত্বপূর্ণ স্থাপনাটির প্রতি যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। স্বাধীনতা যুদ্ধের অনেক গুরুত্বপূর্ণ অবদান যেমন অবমূল্যায়িত হয়েছে, তেমনি এই স্থাপনাটিও অবহেলার শিকার হয়েছে। এখন সময় এসেছে এসব ইতিহাস ও অবদানকে যথাযথ মর্যাদা দেওয়ার।