গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী জনাব আ ন ম এহছানুল হক মিলন এমপি মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)’র নেতৃবৃন্দ।
১৫ মার্চ (রবিবার) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে বিটিএ’র পক্ষ থেকে নবনিযুক্ত শিক্ষামন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় শিক্ষক নেতৃবৃন্দ দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং দীর্ঘদিনের ন্যায্য দাবিদাওয়া বাস্তবায়নের বিষয়ে মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

মাননীয় শিক্ষামন্ত্রী অত্যন্ত মনোযোগ ও আন্তরিকতার সঙ্গে নেতৃবৃন্দের বক্তব্য শোনেন এবং শিক্ষকদের ন্যায্য দাবির বিষয়ে ইতিবাচক ও সহানুভূতিশীল মনোভাব ব্যক্ত করেন। তিনি ধাপে ধাপে এসব দাবির বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বাস প্রদান করেন।
বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)’র পক্ষ থেকে মাননীয় শিক্ষামন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করা হয় এবং দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষকদের কল্যাণে তাঁর কার্যকর ভূমিকা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)’র ভারপ্রাপ্ত সভাপতি বেগম নূরনাহার ও সাধারণ সম্পাদক শামীম আল মামুন জুয়েল এর নেতৃত্বে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, উপদেষ্টা রণজিৎ কুমার সাহা,সহ সভাপতি আতিয়ার রহমান প্রামানিক ও মীর মনিরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, শিমুল কান্তি মহাজন ও মো. রফিকুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, সহ সাংগঠনিক সম্পাদক দীপক কুমার দাশ প্রমুখ।
পরে নেতৃবৃন্দ মন্ত্রী মহোদয়ের একান্ত সচিব জনাব ওমর ফারুক দেওয়ান এর কাছে বিটিএ’র লিখিত প্রস্তাবনা আনুষ্ঠানিকভাবে পেশ করেন।












