কক্সবাজার লাবণীতে বিদেশি পর্যটককে হয়রানি, আটক ২

কক্সবাজার সমুদ্রসৈকতে এক বিদেশি পর্যটককে ভয়ভীতি দেখিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুই ঘোড়া চালককে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সৈকতের লাবণী পয়েন্ট সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- পশ্চিম কলাতলীর সৈয়দ হোসেন (২৪) ও রবিউল হাসান (১৮)।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদ।

তিনি জানান, মির্জা নামের এক বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক সৈকতে ২০ মিনিট ঘোড়ায় চড়েন। নির্ধারিত ভাড়ার তুলনায় তার কাছে ৬ হাজার টাকা দাবি করা হয়। পর্যটক আপত্তি জানালে অভিযুক্তরা ভয়ভীতি দেখিয়ে শেষ পর্যন্ত ৪ হাজার টাকা আদায় করেন বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত দুই চালককে আটক করে। পরে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।

অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, পর্যটকদের নিরাপত্তা ও হয়রানি রোধে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। তিনি বলেন, সৈকতে কোনো ধরনের চাঁদাবাজি, অতিরিক্ত ভাড়া আদায় বা হয়রানির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। নিয়মিত টহল ও ভ্রাম্যমাণ অভিযান জোরদার করা হয়েছে।

ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, সমুদ্রসৈকতে ঘোড়ায় চড়ার ক্ষেত্রে নির্ধারিত ভাড়া তালিকা টাঙানোর নির্দেশনা রয়েছে। পর্যটকদের ভাড়া পরিশোধের আগে নির্ধারিত রেট জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি অভিযোগ জানাতে ট্যুরিস্ট পুলিশের হটলাইন নম্বর ব্যবহার করতে অনুরোধ করা হয়েছে।