ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসন থেকে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান। বিজয়ী হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামীর একেএম ফজলুল হকের অফিসে গেলেন আবু সুফিয়ান।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নগরীর ন্যাশনাল হাসপাতালে ফজলুল হকের অফিসে যান আবু সুফিয়ান। এসময় জামায়াত প্রার্থীর সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

নবনির্বাচিত সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, ‘রাজনীতি ও ভোটের মাাঠে প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযোগিতা থাকবে। দিনশেষে আমরা সবাই এক দেশের জন্য। সবাইকে নিয়ে আমার দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোতোয়ালি-বাকলিয়া আসন থেকে বিএনপির আবু সুফিয়ান পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৩৮৮ ভোট। প্রতিদ্বন্দ্বী জামায়াতের ডা. এ কে এম ফজলুল হক পেয়েছেন ৫৩ হাজার ৮০৭ ভোট।
দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জ, চট্টগ্রাম আদালত, সরকারি বিভিন্ন দপ্তরের অফিস ও চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে চট্টগ্রাম-৯ আসনটি চট্টগ্রামের মর্যাদাপূর্ণ আসন হিসেবে পরিচিতি। প্রচলিত আছে, এই আসনটিতে যে দল জিতে তারা সরকার গঠন করে। এই আসন থেকে যিনি সংসদ সদস্য নির্বাচিত হন তিনি মন্ত্রিপরিষদে স্থান পান। এবারও তার ব্যতিক্রম হয়নি। এখন সংসদ সদস্য আবু সুফিয়ান মন্ত্রিপরিষদে স্থান পাচ্ছে কি-না সেটি নিয়ে চলছে জোর গুঞ্জন।












