উখিয়ায় যৌথ অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ আটক ৩

কক্সবাজারের উখিয়ায় গভীর রাতে পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ তিন শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে উপজেলার বালুখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন— স্থানীয় শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি জুলু প্রকাশ ‘জুলু ডাকাত’-এর ছেলে আমিন, তার দেহরক্ষী জানে আলম এবং আরও একজন সহযোগী। সংশ্লিষ্ট সূত্র জানায়, তারা দীর্ঘদিন ধরে ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। অস্ত্র প্রদর্শনের মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছিল বলেও অভিযোগ রয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এলাকায় চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার ও অপরাধমূলক তৎপরতা দমনের লক্ষ্যে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয় বলে জানা গেছে।

অভিযানকালে ঘটনাস্থল থেকে জব্দ করা হয়— ১টি বিদেশি পিস্তল, ১টি একে-২২ রাইফেল, ১টি দেশীয় পিস্তল, ২টি একনলা বন্দুক, ২টি দেশীয় ধারালো অস্ত্র, ১টি পিস্তলের ম্যাগাজিন, ২টি রাইফেলের ম্যাগাজিন,৪ রাউন্ড পিস্তলের গুলি, ৮৯ রাউন্ড রাইফেলের গুলি, ২টি কার্তুজ, ২টি ওয়াকি-টকি সেট।

আটক ব্যক্তিদের এবং জব্দ করা অস্ত্র-গোলাবারুদ পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর আহম্মদ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।