চট্টগ্রাম সংসদীয় আসন–১৬-এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী মিসকাতুল চৌধুরী পাপ্পার সমর্থনে বাঁশখালীর বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ এবং জলদীতে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ তারিখ) আয়োজিত এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা ও প্রতিষ্ঠাকালীন সংগঠক এবং দক্ষিণ জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন।

বাঁশখালী থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে এবং যুবনেতা সরওয়ার কামালের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ-সভাপতি নুরুল হুদা নাসের, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী, বিএনপি নেতা দৌলত আকবর চৌধুরী, আবু তাহের চৌধুরী, নুরুল মুস্তফা এবং ছাত্রনেতা জুনায়েদ রাছেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন বলেন, “ধানের শীষ বাংলাদেশের প্রতীক, বাংলাদেশপন্থী মানুষের প্রতীক। এটি শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতীক। উন্নয়ন ও গণতন্ত্র রক্ষার স্বার্থে ধানের শীষকে বিজয়ী করতে হবে।”
তিনি আরও বলেন,“আমি নিজেও মনোনয়ন প্রত্যাশী ছিলাম। দল আমাদের ছোট ভাই প্রিয় মিসকাতুল চৌধুরী পাপ্পাকে মনোনয়ন দিয়েছে। আমরা সেই সিদ্ধান্ত মেনে দলীয় শৃঙ্খলার প্রতি অনুগত থেকে ধানের শীষের পাশেই আছি। আপনারাও আমাদের সঙ্গে থাকুন।”
শেষে তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন। ধানের শীষের রায় ঘোষণা এবং সিল দেওয়া ফলাফল নিশ্চিত না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দিন। ফলাফল ঘোষণার পরেই ঘরে ফিরবেন।”












