ক্ষমতায় গেলে কৃষকদের ঋণ মওকুফের ঘোষণা তারেক রহমানের

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের গঠন হলে দেশের কৃষকদের সব ধরনের ঋণ ও সুদ মওকুফ করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে কৃষকদের জন্য বিশেষ ‘কৃষি কার্ড’ চালু করে সহজ শর্তে সার, বীজ ও কৃষি উপকরণ সরবরাহের প্রতিশ্রুতি দেন তিনি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।

তিনি বলেন, দিনাজপুর একটি কৃষিপ্রধান অঞ্চল এবং এখানকার অধিকাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। কিন্তু বিগত সরকারের সময়ে কৃষকরা ন্যায্যমূল্য ও প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন। “কৃষকরা আমাদের দেশের প্রাণ। তাদের কষ্ট লাঘব করা আমাদের দায়িত্ব। বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ঋণ সম্পূর্ণ মওকুফ করা হবে।

কৃষকদের উৎপাদন খরচ কমাতে আধুনিক কৃষি প্রযুক্তি ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে জানিয়ে তারেক রহমান বলেন, কৃষিপণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের জন্য শিল্পকারখানা স্থাপন করা হবে। পাশাপাশি লিচু, ধান ও কাঁটারি চালসহ স্থানীয় কৃষিপণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে, যাতে কৃষকরা আর্থিকভাবে লাভবান হন।

নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণা দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে সরকারি সহায়তা দেওয়া হবে। “নারীরা শক্তিশালী হলে পরিবার ও সমাজ শক্তিশালী হবে।

তিনি আরও বলেন, প্রত্যন্ত অঞ্চলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিয়ে ঘরে ঘরে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হবে। শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণ ও ডিজিটাল শিক্ষা ব্যবস্থার উন্নয়নে প্রত্যেক শিক্ষককে কম্পিউটার দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

তারেক রহমান বলেন, বিএনপি সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে চায়। “আমাদের পরিচয় হবে আমাদের যোগ্যতায়, ধর্ম দিয়ে নয়। একই সঙ্গে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করেন।

বক্তব্যের শেষ পর্যায়ে উপস্থিত জনতাকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের মালিক জনগণ এবং জনগণের ভোট ও সমর্থনেই একটি গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়া সম্ভব।

জনসভায় বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা ছাড়াও বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।