সীতাকুণ্ডে ‘ব্রাদার্স অ্যাগ্রো’র কর্মীকে কুপিয়ে জখম, ৭ গরু লুট

চট্টগ্রামের সীতাকুণ্ডে খামারের তালা ভেঙে এক কর্মীকে কুপিয়ে জখম করে সাতটি গরু লুট করে নিয়ে গেছে ডাকাত দল।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোরে উপজেলার সলিমপুরের সিডিএ আবাসিক এলাকার ‘ব্রাদার্স অ্যাগ্রো’ নামে একটি খামারে এই ঘটনা ঘটে।

ডাকাতদের মারধরে গুরুতর আহত খামারকর্মী মোহাম্মদ বাচ্চু মিয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বাচ্চু মিয়ার মাথা ও দুই পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। খামারটির মালিক সাজেদ চৌধুরী বর্তমানে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা আবদুল মালেক চৌধুরী বলেন, খামারের দুটি ফটকে তালা লাগানো ছিল।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোরে ডাকাত দল একটি ফটকের তালা ভাঙার চেষ্টা করলে বাচ্চু মিয়া বাধা দিতে যান। এ সময় ডাকাতেরা তার গলায় ছুরি ধরে এবং চিৎকার করলে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে একটি পিকআপ ভ্যানে করে শাহিওয়াল জাতের গরুগুলো লুট করে নিয়ে যায় তারা। যাওয়ার সময় ডাকাতেরা খামারের বৈদ্যুতিক লাইনও কেটে দেয়।

খামার মালিকের বন্ধু সাগর চৌধুরী জানান, লুট হওয়া গরুগুলোর মধ্যে ছয়টি ষাঁড় ও একটি গাভি রয়েছে। এসব গরুর বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এদিকে চট্টগ্রামে একের পর এক গরু লুটের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন চট্টগ্রাম ক্যাটেল ফার্মার্স কমিউনিটির প্রতিনিধি ও এশিয়ান গ্রুপের পরিচালক ওয়াসিফ আহমেদ সালাম। তিনি বলেন, ‘এসব ঘটনায় তরুণ উদ্যোক্তারা মানসিকভাবে ভেঙে পড়ছেন। আমি লুণ্ঠিত গরুগুলো দ্রুত উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি।’

উল্লেখ্য, এর আগে গত ২৯ ডিসেম্বর রাতেও সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ার ‘এন আই’ অ্যাগ্রো থেকে ১২টি গরু লুট হয়েছিল, যা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।