যুদ্ধ ক্ষেত্রে নিয়ম লঙ্ঘন করা সেনাদের শাস্তি আরও কঠিন করার প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের সেনা প্রধান ভ্যালেরি জালুঝনি। সোমবার প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির উদ্দেশ্যে দেয়া এক ভিডিও বার্তায় তিনি প্রস্তাব দেন। যদিও ধারণা করা হচ্ছে, এই বার্তা তিনি আসলে দিয়েছেন তার সেনা বাহিনীর প্রতি। যুদ্ধ ক্ষেত্র থেকে পালানো কিংবা কম্যান্ডারের নির্দেশ অমান্য করলে যে কঠোর সাজা হবে তাই জানান দিলেন তিনি।
সিএনএন জানিয়েছে, ভিডিও বার্তায় সেনাদের সাজা দিতে নতুন আইন করার জন্য জেলেনস্কির প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের সেনা প্রধান। এসময় তিনি বলেন, যারা যুদ্ধ ক্ষেত্র থেকে পালায় এবং নির্দেশ অমান্য করে, তাদের জন্য ইউক্রেনকে ভূমি হারাতে হচ্ছে। তাদের পলায়নের কারণে ইউক্রেনকে আরও বেশি সেনা হারাতে হচ্ছে। এতে বেসামরিক মানুষ মারা যাচ্ছে এবং ইউক্রেনীয়দের মনোবল ভেঙে পড়ছে। তার ওই ভিডিও সোশ্যাল মিডিয়াগুলোতেও পোস্ট করা হয়েছে।
ভিডিওতে তিনি আরও বলেন, সেনা বাহিনীর সবথেকে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে শৃঙ্খলা। প্রায়ই তাদের পালিয়ে আসার ফলে হারানো ভূমি উদ্ধারে নতুন করে অভিযান পরিচালনা করতে হয়। এতে আরও বেশি প্রাণহানি হয়।
এভাবে যুদ্ধ চলার কথা ছিল না। ইউক্রেনের পার্লামেন্ট সম্প্রতি সামরিক বাহিনীর শৃঙ্খলা সম্পর্কিত আইন পরিবর্তন অনুমোদন করেছে। এটি কার্যকর হতে এখন জেলেনস্কির স্বাক্ষর প্রয়োজন। এটি স্বাক্ষর করতে তার প্রতি অনুরোধ জানিয়েছেন ইউক্রেনের সেনা প্রধান।












