সাতকানিয়ায় মাদক কারবারীরা বেপরোয়া : মানববন্ধনে এলাকাবাসী

 
সাতকানিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নে মাদক বেপারীদের পর পর তিনটি হামলার ঘটনায় বেশ উদ্বীগ্ন এলাকার সাধারণ জনগণ। প্রশাসনের উদাসীনতার কারণেই এলাকায় মাদকাসক্ত ও বেপারীদের বিচরণ বেড়েছে বলে দাবী এসব স্থানীয় সাধারণ মানুষের। আর এ সুযোগে গত ২০১৯ সালের ২৯ জুন এলাকার চিহ্নিত মাদক সম্রাট জসিম উদ্দিন ওরফে ইয়াবা জসিমের হাতে খুন হন জিয়াবুল হক নামের এক যুবলীগ কর্মী। এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে জিয়াবুলের খুনী সেই ইয়াবা সম্রাট জসিম। গত ২৩ জুন মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মাদক বেপারীর ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হন হোটেল ব্যবসায়ী মোসাদ্দেক। সর্বশেষ গত ১৫ জুলাই মাদক বিক্রিতে বাধা দেওয়ায় মাদক বেপারীর ছুরিকাঘাতে গুরতর আহত হয়ে এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নুরুল আজম সিকদার নামের এক যুবক।
এলাকার চিহ্নিত এসব মাদক বেপারীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করলেই একের পর এক হামলা ও খুনের ঘটনা ঘটিয়ে যাচ্ছে মাদক কারবারীরা। আর অদৃশ্য কারণে প্রশাসন রয়েছে নিরব। তাই প্রশাসনের এমন নিরবতা ও মাদক কারবারীদের কারণে অতিষ্ঠ জনগণ ১৯ জুলাই (রবিবার) সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া ঠাকুরদিঘী বাজারে মানববন্ধন করে জোর প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী।
মানববন্ধনে চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের কার্যনির্বাহী সদস্য লুৎফর রহমান, সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের সদস্য মনির আহমদ, যুবনেতা জমির উদ্দিন, ঠাকুরদিঘী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জমির উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, সমাজ সেবক জাফর আলম সিকদার, আব্দুর রহিম সিকদারসহ এলাকার সর্বস্তরের সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। এ সময় অবিলম্বে এলাকার চিহ্নিত মাদক বেপারীদের অাটক করে দৃষ্টান্ত শাস্তির দাবী জানান এলাকাবাসী।