নগরের কোতোয়ালী থানাধীন সিনেমা প্যালেস এলাকায় অভিযান চালিয়ে সামুদ্রিক হাঙ্গর মাছের তেলসহ তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (১৯ জুলাই) র্যাবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক তিনজনের কাছ থেকে ৩ হাজার ৬০০ লিটার হাঙ্গর মাছের তেল উদ্ধার করা হয়েছে। এছাড়া এসব তেল পরিবহন কাজে ব্যবহৃত একটি মিনিট্রাক জব্দ করা হয়েছে।
আটক তিনজন হলো- কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার আলী আকবর ডেইল এলাকার জাবের আহমদের ছেলে মো. রাশেদ (৩২), কুমিল্লা জেলার মুরাদনগর থানার কাজিয়াতল এলাকার কাজী রমিজ উদ্দীনের ছেলে কাজী সোয়েল (৩২) ও একই থানার সাতমোড়া এলাকার মো. আবুল কালামের ছেলে মো. সাগর (২৭)।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, কোতোয়ালী থানাধীন সিনেমা প্যালেস এলাকায় অভিযান চালিয়ে সামুদ্রিক হাঙ্গর মাছের তেলসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৩ হাজার ৬০০ লিটার হাঙ্গর মাছের তেল উদ্ধার করা হয়েছে। এছাড়া এসব তেল পরিবহন কাজে ব্যবহৃত একটি মিনিট্রাক জব্দ করা হয়েছে।
মো. মাহমুদুল হাসান মামুন বলেন, কাদের নামে একজনের সহায়তায় আসামিরা দীর্ঘদিন ধরে সামুদ্রিক হাঙ্গর মাছ হত্যা করে সংগ্রহের পর প্রক্রিয়াজাতের মাধ্যমে অবৈধভাবে তেল উৎপাদন করে আসছিল। এসব তেল তারা দেশের বিভিন্ন এলাকায় পাচার করে আসছে।












