ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্ট এর আওতায় দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে কক্সবাজারের ঈদগাঁওর বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (২৯ জুন) সকালে উপজেলার আলমাছিয়া ডিগ্রি মাদরাসা, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন ও পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে পৃথক পৃথক কর্মসূচির মাধ্যমে প্রত্যহিক সমাবেশ শেষে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি পালন করেন।

এসময় শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালিও প্রতিষ্টান প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে শিক্ষা প্রতিষ্টান চত্বরে পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

জানতে চাইলে প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাত বলেন, ‘গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই গুরুত্ব বিবেচনায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের মতো ক্যাম্পেইন ঘোষণা করেছেন, যা আমাদেরকে বাস্তবায়ন করতেই হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিউল আলম শফি বলেন, আমাদের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল মহোদয়ের নির্দেশনা হলো শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে স্কুল – মাদরাসার প্রধান, সহকারী শিক্ষক- কর্মচারীসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় শিক্ষক-শিক্ষার্থীরা পরিবেশ সংরক্ষণে নিয়মিত বৃক্ষরোপণ এবং রোপণকৃত গাছের পরিচর্যার মাধ্যমে একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।