আফগানিস্তানের প্রথম মহাকাশচারী ও সাবেক যুদ্ধবিমানচালক আবদুল আহাদ মোমান্ড মারা গেছেন। জার্মানির স্টুটগার্টে পরিবারের সঙ্গে বসবাসরত মোমান্ড গত ২১ জুন ক্যানসারে আক্রান্ত হয়ে ৬৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
১৯৮৮ সালের আগস্টে সোভিয়েত ইউনিয়নের সয়ুজ টিএম-৬ মিশনে অংশ নিয়ে তিনি মহাকাশে যাওয়া প্রথম আফগান হিসেবে ইতিহাস গড়েন। মহাকাশে তিনি পবিত্র কোরআনের একটি কপি সঙ্গে নিয়েছিলেন এবং সেখান থেকে কোরআন তেলাওয়াত করা ও পশতু ভাষায় কথা বলা প্রথম ব্যক্তি হিসেবে পরিচিতি পান।

সে সময় আফগানিস্তানে সোভিয়েত বাহিনীর উপস্থিতি শেষের দিকে থাকলেও, মোমান্ডের মহাকাশযাত্রাকে সোভিয়েত নেতৃত্ব আফগান-সোভিয়েত বৈজ্ঞানিক সহযোগিতার প্রতীক হিসেবে ব্যাপক প্রচার করে।
তবে ঐতিহাসিক এই অর্জন সত্ত্বেও বর্তমানে তালেবান-শাসিত আফগানিস্তানে মোমান্ডের অবদান খুব একটা স্মরণ করা হয় না।












