হলান্ডের জোড়া গোলে সেনেগালকে হারিয়ে নকআউটে নরওয়ে

রোমাঞ্চকর এক লড়াই হলো নরওয়ে ও সেনেগালের মধ্যে। দু দলে মিলে করেছে ৫ গোল। তবে শেষ হাসিটা হেসেছে নরওয়ে। দলটির হয়ে জোড়া গোল করেছেন হলান্ড। বিশ্বকাপে দুই ম্যাচে তার গোল এখন চারটি। ম্যাচে নরওয়ের অন্য গোলটি মার্কুস হোমগ্রেন পেদারসেনের। এই তিন গোলেই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে নরওয়ে।

সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে রাউন্ড অব ৩২-এ পা দিয়েছে নরওয়ে।

মঙ্গলবার (২৩ জুন) নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে প্রথমার্ধে নরওয়ের হয়ে গোল করেন মার্কুস হোমগ্রেন পেদারসেন। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন হালান্ড। তবে সেনেগালও ছেড়ে কথা বলেনি। ম্যাচের অতিরিক্ত সময়ে সেনেগাল ও নিজের দ্বিতীয় গোলটি করে প্রত্যাবর্তনের জোরালো সম্ভাবনা জাগিয়ে তোলেন। তবে শেষ পর্যন্ত সেটি আর হয়নি। জয় নিয়েই মাঠ ছেড়েছে নরওয়ে।

ম্যাচ হারলেও লড়াই করেছে সেনেগাল। ম্যাচের অধিকাংশ বল নিজেদের দখলেই দখলে রেখেছিল আফ্রিকার দলটি। আক্রমণও বেশি করেছে তারা। ৫৭ শতাংশ বল দখলে রেখে ১৬টি আক্রমণ এসেছে সাদিও মানের দলের। সমান ৬টি লক্ষ্যে রেখেছে দুই দলই। নরওয়ের আক্রমণ ১২টি। বল দখলে ছিল দলটির ৪৩ শতাংশ।

প্রথমার্ধের শেষদিকে ৪৩ মিনিটে মার্কুস হোমগ্রেন পেদারসেনের গোলে এগিয়ে যায় নরওয়ে। প্রথমার্ধের খেলা শেষে ১-০ গোলে এগিয়ে ছিল নরওয়ে।

দ্বিতীয়ার্ধের খেলা মাঠে ফিরলেই ভয়ঙ্কর হয়ে ওঠেন হলান্ড। করেন দুটি গোল। প্রথমটি করেন ৪৮ মিনিটে দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে মার্টিন ওডেগার্ডের চমৎকার পাস পেয়ে বক্সের মাঝখান থেকে বাঁ পায়ের শটে বল জালের ওপরের ডান কোণে পাঠিয়ে দেন তিনি।

৫৩ মিনিটে ম্যাচে প্রথমবার গোল করে সেনেগাল। বক্সের বাইরে পিঠ দিয়ে গোলের দিকে দাঁড়িয়ে বল নিয়েছিলেন সাদিও মানে। দুর্দান্ত দক্ষতায় তিনি বলটি ফ্লিক করে বক্সের ভেতরে বাড়িয়ে দেন ইসমাইলা সারের জন্য। ক্রিস্টাল প্যালেসের উইঙ্গার এক টাচে বল নিয়ন্ত্রণে এনে নরওয়ের ডিফেন্ডারদের চাপের মধ্যেও এগিয়ে আসা গোলরক্ষকের পাশ দিয়ে বল জালে পাঠিয়ে দেন।

এক গোল শোধ করলেও ৫৮ মিনিটে ব্যবধান ৩-১ করে নরওয়ে।

৯ মিনিট অতিরিক্ত সময়ের খেলার তৃতীয় মিনিটে ইসমালিয়া সার আবারও গোল করে ম্যাচের উত্তেজনা বাড়িয়ে তোলেন। ম্যাচ জমে ওঠে ওই গোলে। শেষদিকে দুই দলই একাধিক সুযোগ পায়। কিন্তু কেউই কাজে লাগাতে পারেনি।

গ্রুপ পর্বে নরওয়ের পরবর্তী ম্যাচে ফ্রান্সের বিপক্ষে আগামী ২৭ জুন। একই দিন ইরাকের বিপক্ষে মাঠে নামবে সেনেগাল।