বর্তমান বিএনপি সরকার একটি কৃষিবান্ধব সরকার : ভূমি প্রতিমন্ত্রী

বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর পিতা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পথেই হাঁটছেন।

এ দেশে প্রান্তিক কৃষকদের উৎসাহ জোগাতে সারা দেশে প্রায় সাড়ে ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকার সুদসহ কৃষিঋণ মওকুফ করেছেন। এতে বুঝা যায়, বিএনপি সরকার কৃষিবান্ধব সরকার।

শনিবার (২০ জুন) বিকেলে চট্টগ্রামের হাটহাজারীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান অতিথির বক্তব্যে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, প্রায় ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়ে বর্তমান সরকার যাত্রা শুরু করেছিল।

তবু সরকার দেশের প্রান্তিক পর্যায়ের কৃষকের জন্য কৃষি কার্ডের ব্যবস্থা করেছে। এই কার্ডটি দিয়ে কৃষকরা সুলভ মূল্যে সার, বীজ ও কৃষি পণ্যসহ ব্যাংক থেকে সহজ শর্তে কৃষি ঋণ গ্রহণ করতে পারবে। এ ছাড়া বর্তমান সরকার প্রতি উপজেলায় কৃষিপণ্য সংরক্ষণের জন্য একটি করে মিনি হিমাগার স্থাপনের উদ্যোগ নিয়েছে।

হাটহাজারী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হাটহাজারী আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

এতে মূল প্রবন্ধ উপস্থাপক করেন হাটহাজারী উপজেলা কৃষি অফিসার মো. মেজবাহ উদ্দিন।
উপসহকারী কৃষি কর্মকর্তা হাসান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ, উপজেলা বিএনপি সদস্য সচিব মোহাম্মদ গিয়াস উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বল ও কৃষক সেলিম শিকদার।

অনুষ্ঠানে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ, হাটহাজারী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট অধ্যক্ষ কৃষিবিদ মো. শামসুল আলমসহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।