কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: কাপ্তাইয়ে কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম (সিসিএইচপি)-এর উদ্যোগে “নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার(১৮ জুন) বিকেলে।
কাপ্তাই উপজেলার ‘কিন্নরী হল রুমে’ এই কর্মশালার আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা শেড বোর্ড এর সহযোগিতায় এই অনুষ্ঠান বাস্তবায়িত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হানুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিএইচসি ও সিএলসি, কাপ্তাইয়ের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং। হিল ফ্লাওয়ার রাঙামাটির প্রকল্পের ফোকাল পারসন জেনিফার অজন্তা তনচংগ্যার সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিলন চাকমা। কর্মশালায় মূল বিষয় বস্তুর ওপর তথ্যসমৃদ্ধ প্রেজেন্টেশন উপস্থাপন করেন অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স ম্যানেজার সনজিৎ তনচংগ্যা ও কমিউনিটি হেলথ ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর
ধনমনি তনচংগা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, “নারীর প্রতি সহিংসতা রোধে কেবল আইন দিয়ে নয়, বরং পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। প্রত্যন্ত অঞ্চলের নারীদের অধিকার রক্ষা এবং সুরক্ষায় এ ধরনের কর্মশালা কার্যকর ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আহসান হাবিব, সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান, কাপ্তাই সহকারী তথ্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. হোসেন। এছাড়া স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, হেডম্যান, মেম্বার, কার্বারি (গ্রাম প্রধান), বিভিন্ন গণমাধ্যম কর্মী এবং স্থানীয় নারী ও পুরুষ প্রতিনিধিরা কর্মশালায় অংশ নেয়। মুক্ত আলোচনায় বক্তারা পাহাড়ি ও সমতল অঞ্চলে নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, বাল্যবিয়ে রোধ এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার মাধ্যমে নারীর প্রতি সহিংসতা কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন।












