হ্যারি কেইনের জোড়া গোল, জুড বেলিংহাম ও রাশফোর্ডের দুর্দান্ত পারফরম্যান্সে বিশ্বকাপ অভিযান জয় দিয়ে শুরু করল ইংল্যান্ড। ডালাসে অনুষ্ঠিত গ্রুপ ‘এল’-এর ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে তিন পয়েন্ট তুলে নেয় টুখেলের দল। ম্যাচে জোড়া গোল করে একটি বিশেষ রেকর্ডও স্পর্শ করেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। তাঁর বিশ্বকাপে গোলসংখ্যা দাঁড়ায় ১০, যা ইংল্যান্ডের কিংবদন্তি গ্যারি লিনেকারের বিশ্বকাপ গোলের রেকর্ডের সমান।

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইংল্যান্ড। প্রথমদিকে পেনাল্টি পেয়ে যায় তারা। প্রথম শট ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডোমিনিক লিভাকোভিচ রুখে দিলেও নিয়মভঙ্গের কারণে পুনরায় পেনাল্টি নেওয়ার সুযোগ পান কেইন। দ্বিতীয়বার আর ভুল করেননি তিনি। তাঁর গোলে এগিয়ে যায় ইংল্যান্ড।
তবে দ্রুত ঘুরে দাঁড়ায় ক্রোয়েশিয়া। ৩৬ মিনিটে মার্টিন বাতুরিনার দূরপাল্লার শটে সমতা ফেরে। কিন্তু বিরতির আগে কর্নার থেকে আসা বলে হেড করে নিজের দ্বিতীয় গোল করেন কেইন। এই গোলেই তিনি লিনেকারের ১০ বিশ্বকাপ গোলের রেকর্ড স্পর্শ করেন।
প্রথমার্ধের যোগ করা সময়ে পেতার মুসার গোলে আবারও সমতায় ফেরে ক্রোয়েশিয়া। ফলে ২-২ অবস্থায় বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধ শুরু হতেই ম্যাচের রাশ হাতে তুলে নেয় ইংল্যান্ড। ৪৬ মিনিটে জুড বেলিংহামের দুর্দান্ত গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় তারা। এরপর একের পর এক আক্রমণে ক্রোয়েশিয়ার রক্ষণভাগকে চাপে রাখে ইংলিশরা। কেইন, রাইসদের একাধিক প্রচেষ্টা ঠেকিয়ে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন লিভাকোভিচ।
তবে ম্যাচের ৮৫তম মিনিটে সেই প্রতিরোধও ভেঙে যায়। বদলি হিসেবে নামা রাশফোর্ড গোল করে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন। শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।












