আনোয়ারায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মা-মেয়ের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আর্থিক লেনদেনের জেরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে পাঁচ বছর বয়সী এক শিশু।

শনিবার (১৩ জুন) রাত ১১টার দিকে আনোয়ারার পারৈকোড়া ইউনিয়নের চেনামতি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল।

মৃতরা হলেন- সুজন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া (৪০), মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। এছাড়া, আহত শিশু পিয়াস বড়ুয়াকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

এ ঘটনায় অভিযুক্ত তেজপ্রিয় বড়ুয়া পলাতক রয়েছেন। তবে তার ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরে সুজন বড়ুয়ার পরিবারে নানা বিষয় নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরেই শনিবার রাত ১১টার দিকে বসতঘরে ঢুকে মা, মেয়ে ও শিশুর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় অভিযুক্ত তেজপ্রিয় বড়ুয়া। এ সময় চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে গিয়ে রক্তাক্ত অবস্থায় তিন জনকে উদ্ধার করে। এর মধ্যেই এনি বড়ুয়া ও প্রিয়ন্তী বড়ুয়া ঘটনাস্থলেই মারা যান।

পরিবারের দাবি, এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া পেশায় একজন সিকিউরিটি গার্ড। তিনি চট্টগ্রামের খাতুনগঞ্জ এলাকায় আবাসিক এলাকায় দায়িত্ব পালন করেন। তাদের সঙ্গে একই বাড়ির চাচাতো ভাই তেজপ্রিয় বড়ুয়ার টাকা-পয়সা সংক্রান্ত বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে।

এদিকে, মরদেহ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানায় পুলিশ। তবে এখনও কোনো মামলা হয়নি।

এ ব্যাপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল বলেন, ‘শিশুর মাথায় ছুরিকাঘাতে জখম হলেও এখন আশঙ্কামুক্ত। এছাড়া মা-মেয়ের মরদেহ আজ দুপুর নাগাদ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।’