রাউজানে হরিণ শিকারীর গুলিতে কৃষক নিহত

শফিউল আলম, রাউজান: চট্টগ্রামের রাউজানে হরিণ শিকারে গিয়ে গুলিতে জমির উদ্দিন(৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার(৬ জুন) দুপুরে উপজেলার হলদিয়া রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে।নিহত জমির উদ্দিন পার্শ্ববর্তী ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ দক্ষিণ খিরাম বালি বাপের বাড়ি এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত তোফায়েল আহমদ।

সূত্র জানান ঘটনার সময় নিহতের একই ওয়ার্ডের জামাল, শফি ও অজ্ঞাত আরো দুইজন ছিলেন।জানা যায়, সর্তা বন বিটের অধিনে গহীন বনে বন্যপ্রাণী শিকারে ফটিকছড়ির একটি চক্র সক্রিয়। সেখানে হরিণ অভয়ারণ্য রয়েছে। চক্রটি বিভিন্ন সময় সেখান থেকে হরিণ শিকার করে থাকে।শনিবারও চক্রটি হরিণ শিকারে ফাঁদ পেতে গুলি করে। কৃষক জমির উদ্দিন শিকারীর গুলিতে আহত হন। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে খিরামের চৌমুহনী বাজারের পল্লী চিকিৎসকের কাছে নিয়ে আসেন।এসময় চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে খিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন সৌরভ বলেন, শিকারীর গুলিতে গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছেন।সর্তা বন বিট কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম বলেন, সর্তাবিটের কিছু জায়গায় হরিণের বিচরণ রয়েছে। সেখানে গোপনে শিকারীরা মাঝেমধ্যে হরিণ শিকার করে। একইভাবে আজকে(শনিবার) হরিণ শিকার করতে গিয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আলম খান বলেন, হরিণ শিকারে গিয়ে গুলিতে এক ব্যক্তি নিহত হওয়ার খবর পেয়েছি। লাশ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।ঘটনার সময় নিহতের একই ওয়ার্ডের জামাল, শফি ও অজ্ঞাত আরো দুইজন ছিলেন।