মিরসরাইয়ে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় মো. মজিবুল হক (৭২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার (৬ জুন) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মজিবুল হক উপজেলার খৈয়াছরা ইউনিয়নের পশ্চিম খৈয়াছরা গ্রামের আব্দুল হকের ছেলে।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার (৬ জুন) সকালে মজিবুল হক বাড়ি থেকে বের হয়ে বাজারে যাচ্ছিলেন। এসময় রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা বেপরোয়া গতির ট্রাক ধাক্কা দিলে তিনি মহাসড়কের পাশে ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শরিফুজ্জামান ভুঁইয়া বলেন, বড়তাকিয়া এলাকায় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় মজিবুল হক নামে এক ব্যক্তি মারা গেছেন। পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।












