জোরারগঞ্জে অভিযানে দুই কোটি টাকার ইয়াবা জব্দ, কারবারি আটক

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: কক্সবাজার থেকে একটি প্রাইভেটকার যোগে ঢাকা নেওয়ার পথে ৬৮ হাজার ৩শ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। এসময় পাচারের জড়িত মাদক কারবারি বাবু মোল্লাকে (৪৫) আটক করা হয়েছে।

রবিবার (৩১ মে) রাত আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে জোরারগঞ্জ থানা পুলিশ। আটককৃত বাবু মোল্লা চুয়াডাঙ্গা পৌরসভার হকপাড়া এলাকার মৃত শফি মোল্লার ছেলে। জব্দকৃত ইয়াবার মূল্য প্রায় ২ কোটি ৪ লাখ ৯০ হাজার টাকা।

পুলিশসূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে যাত্রী নিয়ে একটি প্রাইভেটকার ঢাকার দিকে যাচ্ছিল। গাড়িতে ইয়াবা রয়েছে এমন গোপন সংবাদ পেয়ে রাত আড়াইটার দিকে জোরারগঞ্জ থানার সামনে পুুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাসী শুরু করে। এসময় ঢাকা মেট্রো-গ ৩৪-৭৬৮৯ গাড়িটি গতিরোধ করলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ গাড়িটি আটক করে। এরপর গাড়ির পেছনে বেকডালার নিচে লুকিয়ে রাখা ৭টি প্যাকেট উদ্ধার করে। প্যাকেটগুলো খুলে ভেতরে ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। প্রতি প্যাকেটে প্রায় ১০ হাজার পিস ইয়াবা রয়েছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবার একটি বড় চালান ঢাকায় যাওয়ার সংবাদ পেয়ে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাসী করতে থাকি। একটি প্রাইভেটকার দাঁড় করে পেছনে বেকডালার ভেতর থেকে সুসজ্জিত প্লাস্টিকে একাধিকবার মোড়ানো ৭টি প্যাকেট উদ্ধার করা হয়। ৭টি প্যাকেটে ৭৬ হাজার ৬৮০ পিস ও আরো ৬২০ পিস ভাঙ্গা ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ ঘটনায় গাড়ি চালক বাবু মোল্লাকে আটক করা হয়েছে।

তিনি আরো বলেন, ধারনা করছি আটককৃত বাবু ইয়াবার বড় সিন্ডিকেটের সাথে জড়িত রয়েছে। বিভিন্ন থানায় তার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।