চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলাম মিয়া বলেছেন, সমাজ ও রাষ্ট্রের নানা অসঙ্গতি দুর্নীতি এবং অন্ধকার দিক তুলে ধরতে চিত্র সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সমস্যাগুলো তুলে আনলে তা সমাধানের পথ সহজে তৈরি হয়।
শনিবার (২৩ মে) রাতে টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ) চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত মাসব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, দেশে এখনও অনেক চ্যালেঞ্জ ও সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধান করে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাইলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সমাজে একা ভালো থাকা সম্ভব নয়, সবার অংশগ্রহণেই একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে উঠতে পারে।
তিনি আরও বলেন, আমরা একটি নতুন বাংলাদেশ ও দায়িত্বশীল সমাজ গড়ে তুলতে চাই। প্রতিটি মানুষ নিজ নিজ দায়িত্ব পালন করে আমাদের মূল লক্ষ্য অর্জনে সাহায্য করবে।
দেশের মেধাবী তরুণদের বিদেশমুখী হওয়ার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জেলা প্রশাসক জাহিদ বলেন, ‘মেধাবীরা যদি দেশ ছেড়ে চলে যায়, তাহলে দেশকে এগিয়ে নিয়ে যাবে কারা। দেশের ১৮ কোটি মানুষের হাতকে দক্ষ করে গড়ে তুলতে হবে।’
অনুষ্ঠানে টিসিজেএ সভাপতি এনামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, চ্যানেল ওয়ান চট্টগ্রামের ব্যুরো প্রধান শাহনেওয়াজ রিটন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামান এবং টিসিজেএর সাবেক সভাপতি শফিক আহম্মদ সজীব।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি সঞ্জীব দে বাবু, সহ-সম্পাদক বাসু দেব, অর্থ সম্পাদক পারভেজ রহমান, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইমুন আল মুরাদ প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজিম উদ্দীন এবং নির্বাহী সম্পাদক রবিউল হোসেন টিপু, জহিরুল ইসলাম, মো. নাজিমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।












