চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এলাকায় চাঁদাবাজির প্রতিবাদ করায় কিশোর গ্যাংয়ের হাতে আকাশ দাস নামে এক যুবক হত্যা মামলার প্রধান আসামি রায়হান প্রকাশ রেন্ডিকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (১৯ মে) রাতে রাজধানীর হাজারীবাগে র্যাব-৭, চট্টগ্রাম ও র্যাব-৩, খিলগাঁওয়ের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানিয়েছে, হত্যাকাণ্ডের পর থেকে গত প্রায় তিন মাস ধরে নজরদারি অব্যাহত রাখে বাহিনীর সদস্যরা। এরই অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (১৮ মে) মধ্যরাতে ঢাকার হাজারীবাগ থানার কালুনগর ওয়ার্ল্ড ট্রেড প্যাকেজিং এন্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রি এলাকা থেকে রায়হানকে গ্রেপ্তার করা হয়।

চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি রাতে চট্টগ্রামের পাহাড়তলী থানার বিটাক এসটেক প্লাস্টিক ফ্যাক্টরী এলাকায় আকাশ দাশ নামে ২৬ বছরের এক যুবককে কিশোর গ্যাংয়ের সদস্য, স্থানীয় সন্ত্রাসীরা প্রকাশ্যে ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় আকাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
আকাশ দাশ বিটাক এসটেক প্লাস্টিক ফ্যাক্টরিতে হেল্পার হিসেবে কর্মরত ছিল। ঘটনার রাতে কারখানার শোল্ডার শাখার কর্মচারী মাইকেলকে স্থানীয় সন্ত্রাসীরা চাঁদার দাবিতে ফ্যাক্টরির সামনের গেইট থেকে টেনে বাইরে নিয়ে যায়। এসময় আকাশ সন্ত্রাসীদের কাছ থেকে মাইকেলকে উদ্ধার করে এসটেক ফ্যাক্টরির মূল গেইটের ফটকে নিয়ে আসে। এর জেরে আকাশের ওপর ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে পাহাড়তলী থানায় হত্যা মামলা দায়ের করেন।
গ্রেপ্তার রায়হানকে রাজধানীর হাজারীবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।












