ফের যুদ্ধ শুরু হলে আরও বড় চমক দেখাবে ইরান: আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, সাম্প্রতিক সংঘাত থেকে তেহরান গুরুত্বপূর্ণ সামরিক অভিজ্ঞতা ও প্রযুক্তিগত জ্ঞান অর্জন করেছে। ফলে ভবিষ্যতে আবার যুদ্ধ শুরু হলে সেখানে ‘আরও অনেক চমক’ দেখা যাবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি দাবি করেন, ইরানের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্রের বিপুল সামরিক ক্ষতির বিষয়টি এখন মার্কিন কংগ্রেসের প্রতিবেদনের মাধ্যমেও উঠে এসেছে।

তিনি বলেন, ‘যুদ্ধ শুরুর কয়েক মাস পর যুক্তরাষ্ট্রের কংগ্রেস স্বীকার করেছে যে, ইরানের বিরুদ্ধে অভিযানে মার্কিন বাহিনীর কয়েক ডজন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, ধ্বংস বা হারিয়ে গেছে, যার আর্থিক ক্ষতির পরিমাণ কয়েক বিলিয়ন ডলার।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, তাদের সশস্ত্র বাহিনীই প্রথমবারের মতো অত্যাধুনিক মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে। যদিও এ দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ইরানি সংবাদ মাধ্যম সূত্রে খবর, সম্প্রতি প্রকাশিত একটি কংগ্রেসনাল মূল্যায়ন প্রতিবেদনে পেন্টাগন, সেন্টকম এবং বিভিন্ন গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে বলা হয়, ইরানের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্রের অন্তত ৪২টি সামরিক বিমান হারানো, ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এতে সম্ভাব্য ক্ষতির পরিমাণ ধরা হয়েছে প্রায় ২ দশমিক ৬ বিলিয়ন ডলার।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রকাশিত বিমান ক্ষয়ক্ষতির একটি প্রতিবেদনের বরাত দিয়ে আরাঘচি এ দাবি করেন।

আরাঘচি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইরানের সশস্ত্র বাহিনী আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছে। তাই ভবিষ্যতে নতুন করে যুদ্ধ শুরু হলে প্রতিপক্ষকে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।’