মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুল ইসলামের অফিসিয়াল মোবাইল নাম্বার ক্লোন করে প্রতারণার চেষ্টা চালিয়েছে একটি অজ্ঞাত চক্র। এঘটনায় কাপ্তাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৯ মে) বেলা আনুমানিক ১০টার দিকে ইউএনও’র অফিসিয়াল নাম্বারটি (০১৮৯৪৯৫০১১২) ক্লোন করা হয়। এরপর অজ্ঞাত ব্যক্তি নিজেকে উপজেলা নির্বাহী অফিসার পরিচয় দিয়ে সমস্যায় আছে জানিয়ে মো. ইয়াসিন মামুন নামের এক ব্যক্তির ব্যক্তিগত নাম্বারে ফোন করে একটি ‘নগদ’ অ্যাকাউন্টে (০১৭৫৬৫৭২০৬৩) জরুরি ভিত্তিতে এক লক্ষ টাকা পাঠানোর অনুরোধ করে।

এছাড়া ওই চক্রটি বড়ইছড়ি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষের নাম্বারেও ফোন করে একই পরিচয় দিয়ে কুশলাদি জিজ্ঞাসা করে বলেন, আমি কাপ্তাই উপজেলা ইউএনও বলছি। বিষয়টি সন্দেহ হওয়ায় সাথে সাথেই উক্ত কর্মকর্তা বলেন, আমি তো এখন উপজেলা নির্বাহী অফিসারের সামনে আছি। একথা বলার সঙ্গে সঙ্গে চক্রটি লাইন কেটে দেয়। পরে কাপ্তাই ইউএনও নিশ্চিত হন যে, তার অফিসিয়াল মোবাইল নাম্বারটি ক্লোন করা হয়েছে।
ক্লোন হওয়া নাম্বারটি দিয়ে আরও বিভিন্ন ব্যক্তিকে ফোন করা বা বিভ্রান্তিকর তথ্য এবং অর্থ চাওয়া হতে পারে, যা উপজেলা প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা। এধরনের কোনো ফোন কল পেলে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
এবিষয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা বরুন কান্তি চাকমা বাদী হয়ে কাপ্তাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৮৮৩) করেছেন।
কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জিডিটি নথিভুক্ত করা হয়েছে এবং বিষয়টি তদন্তের জন্য থানার এসআই (নিরস্ত্র) স্বপন চন্দ্র দাসকে দায়িত্ব দেওয়া হয়েছে। অপরাধী চক্রটিকে শনাক্ত করতে পুলিশ ইতিমধ্যেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শুরু করেছে। ভবিষ্যতে সুনির্দিষ্ট তথ্য-উপাত্তের ভিত্তিতে এবিষয়ে নিয়মিত মামলা দায়ের করা হতে পারে বলেও থানা সূত্র জানায়।












