চবিতে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং বর্ণাঢ্যভাবে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল ম্যাচ, সমাপনী ও পুরস্কার বিতরণ রবিবার (১৭ মে) বিকাল ৫টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সম্পন্ন হয়েছে। ৩৩টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতার সমাপনী দিনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

টুর্নামেন্টে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক দল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়। তৃতীয় স্থান অর্জন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) ও চবি ক্রীড়া উপদেষ্টা কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফুটবল টিমের ম্যানেজার ও ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস এর প্রফেসর ড. মোঃ শফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বিজয়ী এবং বিজিত সকলকে অভিনন্দন জানান। তিনি বলেন, ফুটবল বিশ্বব্যাপী জনপ্রিয় খেলা। খেলাধুলা শরীর চর্চার পাশাপাশি শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা এবং দেশপ্রেম শেখায়। আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সাথে সংশ্লিষ্ট শারীরিক শিক্ষা বিভাগ, চাকসু, সকল খেলোয়াড়, আগত অতিথিসহ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। আগামী দিনে এসব আয়োজনে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে চবি মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) ও চবি ক্রীড়া উপদেষ্টা কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, ফাইনাল ম্যাচে জাতীয় বিশ্ববিদ্যালয় ও আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উভয়ই ভালো খেলেছে। দুই দলকেই অভিনন্দন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল খেলোয়াড়সহ সংশ্লিষ্টদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি। আগামী দিনে আরও ভালো আয়োজন যাতে করা যায় সেজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি। মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) টুর্নামেন্ট আয়োজনের সাথে সম্পৃক্ত এবং সহযোগিতাকারী শারীরিক শিক্ষা বিভাগ, চাকসু, প্রক্টরিয়াল বডি, খেলোয়াড় কল্যাণ সংগঠন, নিরাপত্তা দপ্তর, বিএনসিসি, রোভার স্কাউট এবং পুলিশ প্রশাসনসহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মোঃ শফিকুল ইসলাম বিজয়ীদের অভিনন্দন জানান। পাশাপাশি অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং আগামীতে এ ধরণের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক হাবিবুর রহমান জালাল, চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি, জিএস সাঈদ বিন হাবিব, এজিএস আইয়ুবুর রহমান তৌফিক, চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহশিন, চাকসুর খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন ও যবিপ্রবির কোচ শাহিনুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী প্রক্টর মো. খাইরুল ইসলাম ও চবি নাট্যকলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এস.এম. শফিক।

এসময় অনুষ্ঠানে চবি অনুষদসমূহের ডিনবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালক, প্রক্টর ও সহকারী প্রক্টর, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক, নিরাপত্তা দপ্তরের প্রশাসকসহ বিভিন্ন দপ্তরের প্রশাসকবৃন্দ, হলের আবাসিক শিক্ষকবৃন্দ, চাকসু ও হল সংসদসমূহের প্রতিনিধিবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, শারীরিক শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত অতিথিবৃন্দ, চবির বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, খেলোয়াড়বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিপুল সংখ্যক ক্রীড়ামোদী শিক্ষক-শিক্ষার্থী-দর্শক উপস্থিত ছিলেন।