কক্সবাজারের টেকনাফে ৪০০ দুঃস্থ ও অসহায় জেলে পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।
শনিবার (১৬ মে) দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান।

তিনি জানান, সামুদ্রিক মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় গত ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিনের জন্য সব প্রকার মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ নিষেধাজ্ঞার কারণে সীমান্তবর্তী এলাকার অনেক জেলে পরিবার সাময়িকভাবে জীবিকা নির্বাহে সংকটে পড়েছে।
এ অবস্থায় মানবিক সহায়তার অংশ হিসেবে বৃহস্পতিবার (১৫ মে) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ বিভিন্ন বিওপি এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় মাছ ধরায় নিষেধাজ্ঞাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া ৪০০ জেলে পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকার সাধারণ মানুষের পাশে থেকে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।












