‘আত্মনির্ভরশীল ও প্রতিযোগিতামূলক করে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই’

তিন পার্বত্য জেলা পরিষদগুলো গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে। প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে খুব শিগগিরই এটি গঠন করা হবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান।

শনিবার (১৬ মে) সকালে রাঙ্গামাটি শহরের মোনোঘর আবাসিক বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে ব্র্যাক কুমন লার্নিং সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, বর্তমান জেলা পরিষদ অন্তবর্তীকালীন প্রক্রিয়ার মধ্যে আছে, নির্বাচন না হওয়া পর্যন্ত এটি এই প্রক্রিয়াই থাকবে। অন্তবর্তীকালীন আইনের বিধান মেনেই সব জনগোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে জেলা পরিষদগুলো গঠন করা হবে।

এমএইচএসডিএফসি ব্যাংক লিমিটেডের সহায়তায় এবং ব্র্যাক কুমন লিমিটেড ও মোনোঘরের যৌথ উদ্যোগে লার্নিং সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোনোঘরের সভাপতি উদয় শংকর মহাথের, ব্র্যাক কুমন লিমিটেডের চিফ বিজনেস অফিসার নেহাল বিন হাসান, এমএইচএসডিএফসি ব্যাংক লিমিটেড বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও ম্যানেজিং ডিরেক্টর কিমুরা কেঞ্জি, ভাইস প্রেসিডেন্ট গোলাম কিবরিয়া, মোনোঘরের মহাসচিব কীর্তি শিখান চাকমা এবং জাইকা বাংলাদেশের অফিসের স্পেশাল অ্যাডভাইজার কিয়োকো আমাদা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান বলেন, পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, নতুন প্রজন্মকে দক্ষ, আত্মনির্ভরশীল ও প্রতিযোগিতামূলক করে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই।

এ কার্যক্রমের আওতায় পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৪০ জন শিক্ষার্থী ব্র্যাক কুমন ইন-স্কুল প্রোগ্রামের মাধ্যমে কুমন মেথডে পড়াশোনার সুযোগ পাবে। এতে বিশেষভাবে সুবিধাবঞ্চিত পরিবারের সন্তানরা উপকৃত হবে।

জাপানে উদ্ভূত কুমন মেথড বর্তমানে বিশ্বের ৬০টিরও বেশি দেশে প্রচলিত। প্রতিদিনের অনুশীলন, শক্তিশালী ভিত্তি গঠন, মনোযোগ বৃদ্ধি এবং স্বনির্ভরভাবে শেখার সক্ষমতা তৈরিতে এ পদ্ধতি কার্যকর ভূমিকা রাখে।