সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁওয়ে বিভিন্ন সামাজিক সেবামূলক কাজের মাধ্যমে উদযাপিত হয়েছে ঈদগাঁও ব্লাড ব্যাংক ও থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের যৌথ প্রতিষ্ঠাবার্ষিকী।
১৫ মে (শুক্রবার) সকাল থেকে স্থানীয় ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনে মাঠে অনুষ্ঠানমালা শুরু হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠিতব্য কর্মসূচির মধ্যে পবিত্র কুরআন তিলাওয়াত, স্বাগত রেলি, সংগঠনের কার্যক্রম উপস্থাপন, ফ্রি ব্লাড গ্রুপ টেস্ট, থ্যালাসেমিয়া রোগীদেরকে ফ্রি রক্তদান, অতিথিদের শুভেচ্ছা বিনিময়, স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ ও রক্তদানের উপকারিতা বিষয়ে আলোচনা, শিক্ষার্থীদের রক্তদান বিষয়ক নাটক পরিবেশন, সম্মাননা প্রদান, দোয়া ও মোনাজাত।

এ উপলক্ষে দুপুরে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। সকাল ১১ টার দিকে বের করা হয় একটি বর্ণাঢ্য রেলি। যা ঈদগাঁও বাস স্টেশন, বাজারের ডিসি রোড অতিক্রম করে তরকারি বাজার হয়ে মাছ বাজার সড়ক দিয়ে পুনরায় প্রধান সড়ক ও স্টেশন অতিক্রম করে কেজি স্কুলে গিয়ে শেষ হয়।
এতে “স্বেচ্ছায় করি রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রাণ, যদি করেন রক্ত দান, বাঁচবে তবে একটি প্রাণ, রক্ত দিন, রক্ত দিন, জীবন বাঁচান, জীবন বাঁচান, শুভ শুভ দিন, ঈদগাঁও ব্লাড ব্যাংকের জন্মদিন, স্বেচ্ছাসেবীদের মিলনমেলা সফল হোক, সার্থক হোক” প্রভৃতি স্লোগানে এলাকা প্রকম্পিত করে তুলে।
রেলিতে সিনিয়র সাংবাদিক মোঃ রেজাউল করিম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কুতুব উদ্দিন চৌধুরী, আইনজীবী মোবারক সাঈদ, যুব মানবিক ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা সভাপতি মনির আহমদ, স্বেচ্ছাসেবী জুনাইদ, মুফিজ, সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক তৌহিদ, প্রতিষ্ঠাতা পরিচালক মাসুদ রহমান বাবু, ফেরদৌস সহ আরো অনেকে।












