মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ে পুকুরে বিষ দিয়ে মাছের পোনা নিধনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পালগ্রামে মৎস্য চাষী রেজাউল করিমের পুকুরে সোমবার (১১ মে) রাতে শত্রুতাবশত বিষ ঢেলে দেয় অজ্ঞাত ব্যক্তি।
মৎস্য চাষী রেজাউল করিম বলেন, বিক্রির উদ্দেশে আরে দুই মাস আগে কার্প, তেলাপিয়া, রুই মাছের ডিম এনে পুকুরে ছাড়ি। অনেক কষ্টের পর ডিম থেকে রেনু ফোটায়। মঙ্গলবার সকালে একটি পুকুরে মাছের পোনা মরে ভেসে উঠতে দেখি। বেলা বাড়ার সাথে সাথে পুরো পুকুরে মৃত পোনা ভেসে উঠতে থাকে।

এতে করে আমার দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। বিগত ১০-১২ দিন পূর্বে আমার আরো ২টি পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করা হয়। ওই সময় ২ লাখ টাকার ক্ষতি হয়েছিলো। কেউ শত্রুতাবশত পুকুরে বিষ ঢেলেছে বলে মনে হচ্ছে। এঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দেবো।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম বলেন, দুর্গাপুর ইউনিয়নে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।












