জাতীয় নির্বাচনে ব্যয়ের হিসাব বিবরণী জমা দিল জামায়াত ইসলামী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সোয়া দুই শ প্রার্থীর বিপরীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্যয় করেছে সাড়ে চার কোটি টাকা।

মঙ্গলবার (১২ মে) নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদের কাছে দলের নির্বাচনী ব্যয়ের বিবরণী জমা দেওয়া হয়েছে। জামায়াতের দুই সদস্যের প্রতিনিধি দল নির্বাচন ভবনে গিয়ে দলের নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেন।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত খাতভিত্তিক দলের ব্যয় তুলে ধরা হয়। বিবরণী সূত্রে এ তথ্য জানা গেছে।

এবার জামায়াত ২২৭ আসনে প্রার্থী দিয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী দলটির সাড়ে চার কোটি টাকা ব্যয়ের সুযোগ ছিল।

এ নির্বাচনে ৫০টি দল অংশ নেয়। ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের পরদিন ফলাফলের গেজেট হয়। গেজেট প্রকাশের পরবর্তী ৯০ দিনের মধ্যে দলের ব্যয় জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।