
আগামী ১৪-১৫ মে ওয়াশিংটনে শান্তি আলোচনার কথা থাকলেও ইসরায়েল-লেবানন সীমান্তে পাল্টাপাল্টি হামলা তীব্রতর হয়েছে। লেবানন সীমান্তের মানারা এলাকায় হিজবুল্লাহর ড্রোন হামলায় এক ইসরায়েলি সেনা নিহত এবং তিনজন আহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) তথ্যমতে, মার্চের শুরু থেকে এ পর্যন্ত সংঘর্ষে মোট ১৮ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে।
জবাবে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের আল-তাইবেহ, শুকিন ও কফর তেবনিতসহ বিভিন্ন এলাকায় বিমান ও আর্টিলারি হামলা চালায়। হিজবুল্লাহ দাবি করেছে, তারা ‘এফপিভি সুইসাইড ড্রোন’ এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলি সেনাসমাবেশ ও সামরিক যানবাহনে ধারাবাহিক হামলা চালিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সোমবার (১১ মে) বিকেলে নিরাপত্তা বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
লেবানন স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২ মার্চ থেকে শুরু হওয়া নতুন সামরিক অভিযানে এ পর্যন্ত ২,৮৪৬ জন প্রাণ হারিয়েছেন। জাতিসংঘের মতে, হামলায় ১০৩ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন এবং ১০ লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। আইডিএফ সামরিক স্থাপনায় হামলার দাবি করলেও এতে ব্যাপক বেসামরিক ক্ষয়ক্ষতি হচ্ছে।
সোর্স: এনএনএ, প্যালেস্টাইন ক্রনিকল, আল-মায়েদিন।












