ফটিকছড়িতে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভায় সাততলা ভবনের ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৬ মে) দুপুর দেড়টায় বিবিরহাট এলাকার ‘হাসান টাওয়ারে’ এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম তাশফিক উদ্দিন কারিম (৩)। সে নাজিরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের শাহ চৌমুহনী এলাকার মহিনউদ্দিনের দ্বিতীয় ছেলে। পরিবারটি হাসান টাওয়ারের সাততলায় ভাড়ায় থাকেন।

প্রত্যক্ষদর্শী ও ভবনের ভাড়াটিয়া তানিয়া জানান, পরিবারের সবার অগোচরে শিশুটি ছাদের রেলিং টপকে নিচে পড়ে যায়।

ভবনের পাশে শিশুটির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। তারা চিৎকার শুরু করলে স্থানীয় ও পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যান। শিশুটিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে মনে হচ্ছে। তবে বিষয়টি আমরা আরও খতিয়ে দেখছি।