আমানত ফিরে পাওয়ার দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের মানববন্ধন

আমানত ফিরে পাওয়ার দাবিতে চট্টগ্রাম শহরের নিউমার্কেট এলাকায় বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচ ব্যাংকের আমানতকারীরা। পরে আমানতকারীদের কয়েকজন প্রতিনিধি কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে যান এবং তারা তিন দফা দাবি জানিয়ে স্মারকলিপি দেন।

বুধবার (৬ মে) সকালে ‘সম্মিলিত ইসলামি ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশন-চট্টগ্রাম বিভাগ’- এর ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন আমানতকারীরা।

জানা গেছে, বুধবার সকাল ১০টায় নগরের নিউমার্কেট মোড়ে জড়ো হন আমানতকারীরা। পরে আমানত ফিরে পাওয়ার দাবিতে তারা বিভিন্ন স্লোগান দেন এবং সেখান থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করেন।

এ সময় পুলিশ তাদের বাধা দিয়ে নিউমার্কেট মোড়ে কর্মসূচি করার অনুরোধ করে। পরে আমানতকারীরা সেখানে জিপিওর বিপরীতে অবস্থান নেন। একপর্যায়ে আমানতকারীদের কয়েকজন প্রতিনিধি কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে গিয়ে তিন দফা দাবিতে স্মারকলিপি দেন। দাবিগুলো হলো—টাকা ফেরতের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের বক্তব্য প্রত্যাহার এবং ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকা।

আমানতকারী অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আমাদের দুষ্কৃতকারী বলছেন, এটা মানহানিকর বক্তব্য। তার এ বক্তব্য প্রত্যাহার করে নিতে হবে। আমরা তাকে হুঁশিয়ার করে বলতে চাই, ভবিষ্যতে এমন মন্তব্য করার আগে ভেবে দেখতে হবে। পাশাপাশি হেয়ারকাট বাতিল করতে হবে, আমরা চাই স্বাভাবিক লেনদেন।

এর আগে গত ৩ মে খাতুনগঞ্জ ও ৪ মে নগরের আগ্রাবাদে পাঁচ ব্যাংকের ৯টি শাখায় তালা দেন আমানতকারীরা। একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচ ব্যাংক হল- এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। এসব ব্যাংকে প্রায় ৭৫ লাখ আমানতকারীর মোট ১ লাখ ৩১ হাজার কোটি টাকা জমা রয়েছে।