মানবিক চিকিৎসক ডাঃ মোঃ ইউসুফ আলীর নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: পার্বত্য লামা-আলীকদমে ম্রো উপজাতি শিশুদেরকে জোর করে ধর্মান্তর করাসহ মানবিক চিকিৎসক ডাক্তার ইউসুফ আলীর বিরুদ্ধে কথিত “নেত্র নিউজ” এ ডাহা মিথ্যাচার ও বানোয়াট সংবাদের বিরুদ্ধে কক্সবাজারের ঈদগাঁওয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।

সোমবার (৪ মে) রাত আনুমানিক পৌনে ১০ টার দিকে উপজেলার ঈদগাহ মডেল হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রচারিত মিথ্যা সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছেন ডাঃ মোঃ ইউছুফ আলী।

এসময় তিনি বলেন, স্বাধীনভাবে ধর্ম পালন করার অধিকার সবার আছে। জোর করে কাউকে মুসলিম বানানো আমার কাজ নই। মহান আল্লাহ ও তাঁর রাসুল (সাঃ) এঁর নৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে অন্য ধর্মের মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হচ্ছে। পাহাড়ে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার একটি দীর্ঘমেয়াদী সামাজিক ও ধর্মীয় প্রক্রিয়া দীর্ঘকাল থেকে চলমান রয়েছে।

তিনি বলেন, মুসলমানরা যখন ‘আল্লাহু আকবর’ ধ্বনি তুলে শয়তানের গাজ্বালা হয়। সেই জ্বালা সহ্য করতে না পেরে আবারো শয়তানি অপশক্তিগুলো ষড়যন্ত্রের নকশা আঁকছেন। তারা নেত্র নিউজকে পুঁজি করে আমাকে নিয়ে চরম মিথ্যাচার করেছেন।

নেত্র নিউজে মিথ্যা প্রচারণার বিরুদ্ধে তিনি ঈদগাঁও থানায় সাধারণ ডায়েরী জিডি করেছেন জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপও কামনা করেন।

সংবাদ সম্মেলনে ঈদগাহ মডেল হাসপাতালের ম্যানেজার আবু বক্কর সিদ্দিকসহ উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। একইদিন বান্দরবানের লামা আলীকদমে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন স্থানীয়রা।