উখিয়ায় বিজিবির অভিযানে এক লাখ পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযানের সময় এক লাখ ইয়াবা ফেলে মিয়ানমারে পালিয়ে গেছে এক পাচারকারী। পরে ওই এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৯ এপ্রিল) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর পালংখালী বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় সীমান্তবর্তী কাটাখাল এলাকায় অভিযান চালায়। এ সময় ভারী বৃষ্টির মধ্যে মিয়ানমার থেকে এক সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি হাতে থাকা একটি প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত দৌড়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বস্তার ভেতর খাকী রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী ১০টি প্যাকেট থেকে মোট ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, পালিয়ে যাওয়া মাদক কারবারিকে শনাক্ত করে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্তে নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।