বান্দরবান আলীকদমের হামে আক্রান্ত হয়ে য়ংরাও ম্রো (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্ত শিশু প্রেন্নই শিক্ষালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল।
সোমবার (২৭ এপ্রিল) রাতে কুরুকপাতা ইউনিয়নের পৌহমুহুরী দুর্গম এলাকার মরনী পাড়ায় এই ঘটনা ঘটে। য়ংরাও পৌহমুহুরী ৯নং ওয়ার্ডের মরনী পাড়া গ্রামে প্রোলেই ম্রো ছেলে। এ ঘটনা নিশ্চিত করেছেন কুরুকপাতা ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রো।

তিনি জানিয়েছেন, প্রেন্নই শিক্ষাপ্রতিষ্ঠানের এই শিক্ষার্থী বেশ কিছুদিন ধরে হামে আক্রান্তে ছিলেন। দুর্গমতা আর চিকিৎসার অভাবে তার মৃত্যু হয়। তাছাড়া দুর্গম এলাকা হওয়ায় সেখানে যোগাযোগ বিছিন্ন আর খবর পাওয়া যায় একদিন পর।
স্থানীয়রা জানান, স্কুল থেকে হাম আক্রান্ত হয়ে বাড়িতে ফিরেছিল শিশুটি। তবে চিকিৎসা সংকট আর পরিবারের আর্থিক অস্বচ্ছলতা কারণে সোমবার রাতে ওই শিশুর মৃত্যু হয়।
প্রেন্নই শিক্ষাপ্রতিষ্ঠানে দ্বায়িত্বরত উথোয়াইগ্য মারমা বলেন, আজ (মঙ্গলবার) সকালে খবর পেয়েছি আমাদের এক শিক্ষার্থী হামে আক্রান্ত হয়ে গতকাল মারা গেছে। এলাকাটি খুবই দূরে যোগাযোগবিহীন। সেখানে আরও কয়েকটি গ্রামে হামের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে।
আলীকদম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হানিফ জানান, দুর্গমতার কারণে মৃত্যুর খবর পৌঁছাতে দেরি হচ্ছে। তবে জনপ্রতিনিধির মাধ্যমে জানতে পেরেছি। আমরা দ্রুত পৌয়ামুহুরী এলাকায় পরিদর্শন করে অস্থায়ী ক্যাম্প স্থাপন করব।












