টেকনাফে নৌবাহিনীর অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও বিপুল ইয়াবা জব্দ

শামসু উদ্দিন, টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী।

নৌবাহিনী সূত্রে জানা যায়, মাদক, অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাস ও অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববার (২৭ এপ্রিল) দিবাগত রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডসসহ দুটি আভিযানিক দল অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি ভুট্টু সাইফুলের সহযোগী এম দেলোয়ার হোসেনের বাড়িতে তল্লাশি চালায়। এ সময় সেখান থেকে ২টি জি-৩ (G3) রাইফেল, ১টি এমএ-১ (MA-1) রাইফেল, ৮টি ম্যাগাজিন, ১৯০ রাউন্ড তাজা গোলাবারুদ এবং ১০ রাউন্ড খালি কার্তুজ উদ্ধার করা হয়।

এছাড়াও পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা ২৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।