টেকনাফে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি আটক

শামসু উদ্দিন, টেকনাফ: কক্সবাজারের টেকনাফের হ্নীলায় র‌্যাব-১৫ এর অভিযান চালিয়ে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে আটক করেছে।

র‍্যাব-১৫ সুত্রে জানা যায়, র‌্যাব-১৫, সিপিএসসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মামলার সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে আটক করতে সক্ষম হয়েছে।

গত ২২ এপ্রিল বুধবার রাত সাড়ে ১০ টায় র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মাদক আইনের মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক এক আসামিকে আটক করা হয়।

আটককৃত আসামী হল- টেকনাফের হ্নীলা ইউনিয়নের পানখালী এলাকার মৃত আবুল হাসেম এর ছেলে আইয়ুব (৫৪) আটককৃত আসামির বিরুদ্ধে সিএমপি সদরঘাট থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামী। রায় ঘোষণার পর থেকেই আসামি গ্রেফতার এড়াতে পলাতক ছিলেন।

এব্যাপারে সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) আ. ম. ফারুক জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।