সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে অপহরণের পর ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য রুস্তম আলীকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের পানিরছড়া পাহাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ওসি মনিরুল ইসলাম।
এর আগে একই দিন ভোর ৫টার দিকে ঈদগাঁও বাজার থেকে ঈদগড় যাওয়ার পথে পানেরছড়া ঢালা এলাকায় ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
অপহরণের কিছু সময় পরই অপহরণকারীরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে জানান পরিবারের সদস্যরা।
ঘটনার পরপরই কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানের নির্দেশনায় এবং রামু থানার ওসি মনিরুল ইসলাম ভুইয়ার নেতৃত্বে রামু থানা পুলিশ ও ঈদগড় ফাঁড়ির একাধিক দল দিনব্যাপী অভিযান চালায়।
অভিযানে ঈদগড় ও রশিদনগর ইউনিয়নের বিভিন্ন পাহাড়ি এলাকায় তল্লাশি করা হয়। পরে বুধবার রাত সাড়ে ৯টার দিকে রশিদনগর ইউনিয়নের পানিরছড়া পাহাড়ি এলাকা থেকে ভিকটিম রুস্তম আলীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম ভুইয়া জানান, উদ্ধারকৃত ইউপি সদস্যকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।












