বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর করলো বিএসএফ

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে ভারতে কারাভোগে থাকাকালে মারা যাওয়া বাংলাদেশি এক যুবকের মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও সীমান্ত দিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের উপস্থিতিতে ওই মরদেহ হস্তান্তর করা হয়।

নিহত শিপন হাওলাদার (৩৫) বরগুনা জেলার সদর উপজেলার সবেজ হাওলাদারের ছেলে।

জানা গেছে, প্রায় ১৯ মাস আগে শিপন হাওলাদার ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হলে তাকে সেখানকার পুলিশে সোপর্দ করা হয়। এরপর ভারতীয় আদালত অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে কারাদণ্ড দিয়ে তুরা কারাগারে পাঠায়। আগামী ২৮ এপ্রিল তার কারাভোগের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে, গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) শিপন অসুস্থ হয়ে পড়লে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে শিপনের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

মরদেহ হস্তান্তরকালে ভারতীয় বিএসএফ’র পক্ষে ঢালু কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর কিমা রায়, বাংলাদেশের বিজিবি’র পক্ষে হাতিপাগার সুবেদার ফুল মিয়া সরকার, নালিতাবাড়ী থানার ওসিসহ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, ‘সব আইনি প্রক্রিয়া শেষ করে নিহত ব্যক্তির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’