বিএনপির সংরক্ষিত নারী আসনে বৃহত্তর চট্টগ্রাম থেকে মনোনয়ন পেলেন শাকিলা, স্বপ্না ও মাধবী

মিজান মনির: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ঘোষিত তালিকায় মোট ৩৬ জন মনোনীত প্রার্থীর মধ্যে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চল থেকে স্থান পেয়েছেন তিনজন নারী নেত্রী।

দলটির প্রেস উইং সূত্রে জানা গেছে, চট্টগ্রাম অঞ্চল থেকে মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার শাকিলা ফারজানা। পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম অঞ্চল থেকে বান্দরবানের মাধবী মারমা এবং কক্সবাজার জেলা থেকে অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না দলীয় মনোনয়ন লাভ করেছেন।

ব্যারিস্টার শাকিলা ফারজানা চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা। তার শ্বশুরবাড়ি পটিয়া পৌরসভার দক্ষিণঘাটা গ্রামে। তার পিতা প্রয়াত সৈয়দ ওয়াহিদুল আলম বিএনপির মনোনয়নে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

অন্যদিকে, কক্সবাজার থেকে মনোনীত অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না দীর্ঘ প্রায় দেড় যুগ ধরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার মনোনয়নের খবরে জেলার দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং আইন পেশায় সাফল্যের কারণে তিনি কেন্দ্র থেকে তৃণমূল—সব পর্যায়েই একজন গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিত।

এদিকে, সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন সাতজন আদিবাসী নারী। গত ১৯ এপ্রিল তারা বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে ফরম উত্তোলন করেন। যাচাই-বাছাই শেষে পার্বত্য অঞ্চলের প্রতিনিধি হিসেবে বান্দরবানের মাধবী মারমাকেই চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়।

দলীয় সূত্র জানিয়েছে, সংরক্ষিত নারী আসনের জন্য অভিজ্ঞ, গ্রহণযোগ্য এবং সাংগঠনিকভাবে সক্রিয় নেত্রীদের প্রাধান্য দিয়েই এই তালিকা প্রস্তুত করা হয়েছে।