মিয়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ আটক ১১

মিয়ানমারে পাচারের সময় সিমেন্ট বোঝাই একটি ইঞ্জিনচালিত কাঠের বোটসহ ১১ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটের সময় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ নৌবাহিনী।

নৌবাহিনী সূত্রে জানা যায়, দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত ও ৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে।

গত রোববার (১৯ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে সেন্ট মার্টিন লাইটহাউজ থেকে প্রায় ১২ মাইল দূরের সমুদ্র এলাকায় একটি সন্দেহজনক বোট শনাক্ত করে নৌবাহিনীর টহলরত জাহাজ।

পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে এফবি আব্দুর রহমান-২ নামের বোটটি আটক করা হয়। তল্লাশি চালিয়ে বোট থেকে ৮৫০ বস্তা ডায়মন্ড সিমেন্ট জব্দ করা হয়। এবং পাচারের সঙ্গে জড়িত ১১ জনকে আটক করা হয়।

জব্দ করা বোট ও মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫১ লাখ টাকা বলে জানিয়েছে নৌবাহিনী। আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নৌবাহিনী জানিয়েছে, দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষা, অবৈধ পাচার প্রতিরোধ এবং সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।